সেপ্টেম্বরের ১৩ দিনেই এলো ১৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
ছবি: সংগৃহীত
প্রবাসী আয়ে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই দেশে ১৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা ১২৩ টাকা দরে প্রায় ১৭ হাজার ৫৫২ কোটি টাকার সমান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে আসা ১৪২ কোটি ৭০ লাখ ডলারের মধ্যে শুধু ১৩ সেপ্টেম্বর একদিনেই এসেছে ১৯ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার।
সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০৪ কোটি ৭০ লাখ ডলার বা ১৬ দশমিক ৯ শতাংশ।
রেমিট্যান্সের এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।



































