লামায় প্রতিবেশী কর্তৃক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১২ পিএম


লামায় প্রতিবেশী কর্তৃক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

লামা উপজেলায় প্রতিবেশী মো. আমির হোসেন (২৫) নামের এক যুবক কর্তৃক দশম শ্রেণির এক স্কুল পড়ুয়া ছাত্রীকে জোর পূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। লামা পৌরসভা এলাকার নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেছেন। আমির হোসেন নয়াপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে।

অভিযোগে স্কুল ছাত্রীর মা উল্লেখ করে বলেন, আমার মেয়েকে বাড়ির পাশের মো. আমির হোসেন প্রায় সময় উত্ত্যক্ত করত। গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেলে দেখি মেয়ে বিছানায় নেই। ঘর ও বাড়ির সব জায়গায় খোঁজাখুঁজি করি। মেয়েকে না পেয়ে এক পর্যায়ে বাড়ির সামনে আমির হোসেনের মাকে ঘুম থেকে ডেকে তুলি। পরে আমির হোসেনকে ডেকে তোলা হলে তাঁর কক্ষে মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। আশপাশের লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যাই। সকালে জ্ঞান ফেরার পর মেয়ে জানায়, রাত দেড়টার দিকে সে ঘরের বাইরে শৌচাগারে যায়। সে সময় তার মুখ ও চোখ চেপে ধরে তুলে নিয়ে যায় আমির হোসেন। পরে আমির হোসেন তার থাকার কক্ষে মেয়েকে ধর্ষণ করে। সকালে ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা ও স্থানীয় সর্দার নুরুল হুদা লাভু চৌধুরীকে বিষয়টি জানাই। তারা বিষয়টি আমলে না নিয়ে বরং হাসি-ঠাট্টা করার কারণে অবশেষে থানায় অভিযোগ করি।

এই ঘটনায় লামা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, বাদী অভিযোগের ভিত্তিতে আসামি বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

 

Ads