লামায় ব্যবসায়ীকে মৃত ভেবে ফেলে চলে যায় দুর্বৃত্তরা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ এপ্রিল ২০১৯, ০৮:৩২ পিএম


লামায় ব্যবসায়ীকে মৃত ভেবে ফেলে চলে যায় দুর্বৃত্তরা

বান্দরবানের লামায় দুর্বৃত্ত হামলায় শিকার হয়েছে মো. কামাল (৪৫) নামে ব্যবসায়ী। বুধবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় উপজেলার গজালিয়া ইউনিয়নের বুঁড়িরঝিরিস্থ আবু মেম্বারের রাবার বাগানের পাশে রাস্তায় থেকে তাকে উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করেছেন পুলিশ।
দুর্বৃত্তরা আহত কামালকে ছিনতাইয়ের পর মারধর করে মৃত ভেবে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
গুরুতর আহত ব্যবসায়ী মো. কামাল পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বার আওলিয়া নগর গ্রামের সুলতান আহাম্মদের ছেলে বলে জানা গেছে।
এই বিষয়ে লামা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, মাথায় অসংখ্য সেলাই করতে হয়েছে। তার সারা শরীরে অনেক আঘাত আছে। আমরা ভর্তি করে রেখেছি।
    
গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। সে এখনো অজ্ঞান থাকায় কোন বিষয় জানা যায়নি। জ্ঞান ফিরে এলে তার বক্তব্য শুনে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Ads