দেশ উন্নয়নের জন্য একটি সুশিক্ষায় শিক্ষিত জাতি দরকার - প্রতিমন্ত্রী বীর বাহাদুর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৫ এএম


দেশ উন্নয়নের জন্য একটি সুশিক্ষায় শিক্ষিত জাতি দরকার - প্রতিমন্ত্রী বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বন্দুকের নলের চেয়ে একটি সুশিক্ষিত জাতির কলমের শক্তি অনেক বেশি। দেশ উন্নয়নের জন্য একটি শিক্ষিত জাতি দরকার। আওয়ামীলীগ সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়েছে বলেই আজ দেশের শিক্ষিত হার অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের সব রেজিস্টার্ড, এমপিওভুক্ত এবং আবেদিত ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। ইউএনডিপি কর্তৃক সৃষ্ট তিন পার্বত্য জেলায় ২৩৮টি বিদ্যালয়কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি করেছেন।  

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যে স্বপ্ন দেখতেন, এ জাতির একটা উন্নত জাতি হিসেবে বিশ্বে মাথা উচু করে দাঁড়াবে। সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশকে উন্নত করার চেষ্টা করেছেন বলেই, আজ বাংলাদেশকে সারা বিশ্বের মানুষ চিনে। তাই বিশ্বের যে কয়েকজন নেতা, তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন। 

শনিবার (৮ সেপ্টেম্বর) বান্দরবানের লামার “সরকারি মাতামুহুরী কলেজ” জাতীয়করণে বিশেষ অবদানের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’কে কলেজের শিক্ষক, অভিভাবক ও ছাত্রদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরকারি মাতামুহুরী কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। কলেজের সিনিয়র প্রভাষক বাবু অংথিং এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহাবুবুর রহমান পিএসসি, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, বান্দরবান জেলা পষিদের সদস্য লক্ষীপদ দাশ, মোস্তফা জামাল ফাতেমা পারুল, লামা থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সহ প্রমূখ।

এর আগে, প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে মাতামুহুরী কলেজের শহীদ মিনার উদ্বোধন, ৪০ লাখ টাকা ব্যয়ে ছাত্রবাসের উর্দ্ধমুখী সম্প্রসারন ও কলেজ অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়া সম্প্রতি সময়ে মাতামুহুরী কলেজে ১০টি প্রকল্পের বিপরীতে বাস্তবায়িত ২ কোটি ৩৮ লক্ষ টাকার উন্নয়ন কাজ পরিদর্শন করেন। দুপুরে কলেজের সকল শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের জন্য মধ্যহ্ন ভোজের আয়োজন করে। শেষে প্রতিমন্ত্রীর সৌজন্যে কলেজ শিক্ষার্থীদের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হয়।

বিকেলে প্রতিমন্ত্রী লামা পৌরসভা কার্যলয়ে লামা বাজারের সকল ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে মিলিত হন এবং উন্নয়ন বোর্ড কর্তৃক ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত লামা বাজার সমিতি অফিস ও ২০ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট লামা বাজার পাবলিক টয়লেট এর চাবি হস্তান্তর করেন।
পরে, ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচী আওতায় ১০ টাকায় কেজি চাউল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন। 

 

Ads