লামা বন বিভাগের ৬ হাজার গাছের চারা বিতরণ
১৯ জুলাই ২০১৮, ০২:৪৮ পিএম
জাতীয় কার্যক্রমের অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধের আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে লামা উপজেলায় ২৪টি মাধ্যমিক পর্যায় শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৬হাজার ফলদ, বনজ ও ঔষুধী চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জুলাই) সকালে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ চারা বিতরণ উপলক্ষে এক চারা রোপনের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান আয়োজন করেন লামা বন বিভাগ ও উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্বমোহাম্মদ ইসমাইল। বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম ইমতিয়াজ, সদর রেঞ্জ কর্মকর্তা হারুণ অর রশিদ বাবু, বিদ্যালয়ের শিক্ষার্থী গৌধূলী চৌধুরী প্রমূখ।
বিভাগীয় বন কর্মকর্তা জানিয়েছেন, লামা বন বিভাগের উদ্যোগে তিন উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে ১৮ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আলহাজ্বমোহাম্মদ ইসমাইল বলেন, যে সকল শিক্ষার্থীরা গাছের পরিচর্যা করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে।




















