এই বৃষ্টিধারা থাকতে পারে আরও ৩/৪ দিন : আবহাওয়া অফিস
১২ আগস্ট ২০১৭, ০৩:৪৯ পিএম
মৌসুমী বায়ুর প্রভাবে শনিবারও রাজধানী ঢাকাসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ নিয়ে সারাদেশে গত দুই দিন ধরেই কমবেশি বৃষ্টি অব্যাহত রয়েছে।
শ্রাবণের এই বৃষ্টিধারা আগামী তিন থেকে চারদিন রাজধানীসহ সারা দেশে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ময়মনসিংহ, খুলনা, ঢাকা, রংপুর ছাড়াও অন্য বিভাগেও হতে পারে প্রবল বর্ষণ।
এই বর্ষণের ফলে বিশেষ করে- স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা ভোগান্তির শিকার হচ্ছেন বেশি। তাদের অনেককেই যানবাহন না পেয়ে কাকভেজা হয়ে বিদ্যালয়মুখো হতে দেখা গেছে।
আবহাওয়া অফিস বলছে, দমকা বাতাসসহ সারাদেশে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম-সিলেটের পাহাড়ি এলাকায় জারি করা হয়েছে ভূমিধসের সতর্কতা।
শুক্রবার সবচেয়ে বেশি ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


























