ইডেন গার্ডেনে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান
১৬ মার্চ ২০১৬, ০৭:৪৯ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: গত কয়েকটি ম্যাচে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা ছাড়াও দু-দুটো টি২০ ম্যাচে পাকিস্তানকে লজ্জায় ডুবিয়েছে মাশরাফি মর্তুজারা। দুই সপ্তাহ আগে এশিয়া কাপে শহীদ আফ্রিদিদের পাঁচ উইকেটে হারিয়েছে টাইগাররা।
জয়ের এরকম টাটকা স্বাদ নিয়ে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ মিশন শুরু করছেন মাশরাফি ও তার সহযোদ্ধারা। ১ নম্বর গ্রুপের এ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
একটা নতুন পেক্ষাপটে ইডেনে আজ খেলতে নামছে বাংলাদেশ। বহুল প্রতীক্ষিত এ ম্যাচে মাঠে নামার আগে অবশ্য বেশ সতর্ক মাশরাফি। বলেছেন, টি২০ ক্রিকেটে ফেভারিট বলে কিছু নেই। পাকিস্তান সবসময়ই ভালো দল। টি২০তে তাদের রেকর্ড খুব ভালো। মূল পর্বে ভুল করার কোনো সুযোগ নেই। তাই আমাদের সেরাটাই দিতে হবে।
তামিম ইকবালের সাম্প্রতিক ফর্ম মাশরাফিকে আরো বেশি আশাবাদী করে তুলেছে। তার কথায়, দারুণ খেলছে তামিম। আসলে তামিম ফর্মে থাকলে আমাদের আর চিন্তা থাকে না। বাছাই পর্বের শেষ তিন ম্যাচে তামিমের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৮৩*, ৪৭ ও ১০৩* রান।
টি২০ ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের দুই জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে সাত ম্যাচে। ২০১৩ সালে এ মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও হারিয়েছিল পাকিস্তান। স্বভাবতই আত্মবিশ্বাসী আফ্রিদি। বলেছেন, এখানে আমাদের রেকর্ড ভালো। ভালো করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।
ধারণা করা হচ্ছে, ইনজুরি আক্রান্ত তারকা বোলার মোস্তাফিজুর রহমান আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্যে দিয়ে মাঠে ফিরবেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মোহাম্মদ মিথুন
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. আল-আমিন হোসেন
১০. মুস্তাফিজুর রহমান/আবু হায়দার
১১. তাসকিন আহমেদ।




































