আইসিসি বাংলাদেশকে হিসাবেই ধরেনি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ মার্চ ২০১৬, ০৭:৫৬ পিএম


আইসিসি বাংলাদেশকে হিসাবেই ধরেনি

প্রতিদিনের চিত্র ডেস্ক :: আগামীকাল ভারতের সঙ্গে এশিয়া কাপ ফাইনাল। অথচ আইসিসির হিসেবে বাংলাদেশের আজ থাকার কথা কি না ধর্মশালায়! টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল হংকং! কিন্তু বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনালে উঠে আইসিসির সূচিটাকে বানিয়ে দিয়েছে হাস্যকর।

আইসিসি যে বাংলাদেশকে হিসাবে ধরেনি তা তো এখন পরিষ্কারই। এশিয়ার কাপে বাংলাদেশ ফাইনালে খেলার সামর্থ্য রাখে এটাও বুঝি ভাবতে পারেনি আইসিসির কর্তাব্যক্তিরা! নইলে এমন অদ্ভুত সূচি তারা কীভাবে করল!

২ মার্চ পাকিস্তানের সঙ্গে জিতেই এশিয়া কাপের ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। হংকংয়ের সঙ্গে তাই আজকের প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশ খেলার প্রশ্নই আসছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আগে এই একটাই প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সেটা না হওয়ায় এখন আক্ষরিক অর্থেই কোনো প্রস্তুতি ছাড়া নামতে হবে লাল সবুজের দলকে।

বিশ্বকাপ বাছাইপর্বের ৯ মার্চ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হল্যান্ড। হাতে সময় একদমই নেই, আগামীকাল ফাইনাল শেষেই ভারতে উড়াল দিতে হবে মাশরাফিদের।

৭ মার্চ সকালে জেট এয়ারওয়েজে ঢাকা থেকে দিল্লিতে যাবে বাংলাদেশ দল, সেখান থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে যাওয়ার কথা ধর্মশালা। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাই বলতে গেলে মাত্র এক দিন সময় পাচ্ছে বাংলাদেশ।

অন্য সব প্রতিপক্ষ যখন অন্তত দুটি করে ম্যাচ খেলছে, বাংলাদেশ সেখানে প্রস্তুতি ম্যাচ দূরে থাক, অনুশীলনের সময়ই টেনেটুনে পাওয়ার কথা মাত্র এক দিন! হায়, আইসিসি!

Ads