সাইট হ্যাক হলে জানিয়ে দেবে ফায়ারফক্স
২৮ নভেম্বর ২০১৭, ০৫:০৪ পিএম
খুব সম্প্রতি ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্সের নতুন সংস্করণ ফায়ারফক্স কোয়ান্টাম ছেড়েছে মজিলা। নতুন ইন্টারফেস বা ডিজাইন ছাড়াও অনেকগুলো নতুন অপশন থাকবে ফায়ারফক্স কোয়ান্টামে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোনো সাইট হ্যাক হয়েছিল কিনা তা জানিয়ে দেয়া।
গত কয়েক বছরে ইয়াহু-র মেইল সার্ভিসের মত অনেকগুলো জনপ্রিয় ওয়েবসাইটের তথ্য চুরি করে নেয় হ্যাকাররা। কিন্তু, কোনো ওয়েবসাইট হ্যাক হয়ে গেলে ওই সাইটের কর্তৃপক্ষ বুঝতে না পারার কারণে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক সেই তথ্য বিশেষ ভাবে প্রচার করে না। ফলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হুমকির মধ্যে থাকে।
ফায়ারফক্সের নতুন সংস্করণ এই সমস্যাটির একটি সমাধান দিচ্ছে। কোনো ওয়েবসাইট যদি কখনো হ্যাক করা হয়ে থাকে, তাহলে ব্রাউজারটি ওই সাইটের ভিজিটর তথা দর্শক-পাঠককে তা জানিয়ে দেবে।
‘আই হ্যাভ বিন পন্ড’ নামের একটি ওয়েবসাইটের সঙ্গে মিলিতভাবে এই ফিচারটি তৈরি করেছে মজিলা। ‘আই হ্যাভ বিন পন্ড’ তার গ্রাহকদের সাইটের তথ্য চুরি হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করার কাজ করে।
হ্যাক হয়ে যাওয়া ওয়েবসাইটে আপনি ঢুকতে গেলে সতর্ক করে দেবে ফায়ারফক্স কোয়ান্টাম। তবে এটি সাইটটি ব্রাউজ করতে আপনাকে বাধা দেবে না। বর্তমানে এটি ফায়ারফক্স কোয়ান্টামের নিজস্ব ফিচার হিসেবে দেখা যাচ্ছে না। তবে ব্রাউজারটির অ্যাড-অন বা এক্সটেনশন হিসেবে আপনি এটি ইন্সটল করে নিতে পারেন।
গুগল ক্রোম আসার পরে এক সময়ের জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স তার জনপ্রিয়তা হারায়। এবার বিমুখ হয়ে যাওয়া গ্রাহকদের ফিরিয়ে আনার জন্য নতুন নতুন ফিচারসহ ফায়ারফক্স কোয়ান্টাম বাজারে ছাড়ল মজিলা।


































