রাঙ্গামাটিতে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ এপ্রিল ২০১৭, ০৭:৩৫ পিএম


রাঙ্গামাটিতে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব নৃত্য দিবস-২০১৭ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শনিবার (২৯এপ্রিল) সকালে রাঙ্গামাটিতে র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিশেষ বিশেষ পয়েন্ট পদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে আলোচনাসভায় মিলিত হয়। র‌্যালীতে নৃত্যশিল্পীরা নৃত্যের বিভিন্ন পোশাক পরে অংশগ্রহণ করে।  

রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী পরিচালনা পরিষদের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে জেলা শিল্পকলা একাডেমীর দায়িত্বপ্রাপ্ত রাঙ্গামাটিপার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, রাঙ্গামাটি শিল্পকলা একাডেমী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, শিল্পকলা একাডেমী পরিচালনা পরিষদের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ মঞ্জুলিকা খীসা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত শিক্ষক মিলন ধর।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সাংস্কৃতিক কর্মকান্ডই পারে সুষ্ঠ-সুন্দর সমাজ বিনির্মাণ করতে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায়ও লিপ্ত থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নৃত্য সংস্কৃতির একটি বড় অংশ। একজন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশনের মাধ্যমে মানুষকে যেমন বিনোদন দেয় তেমনী তার নিজের শারীরিক কসরতও হয়। ফলে তার মন ও শরীর দুটোই সুষ্ঠ থাকে। তিনি সকল অঙ্গনের শিল্পী ও কলাকৌশলীদের সবসময় চর্চার মাধ্যমে সংস্কৃতি বিকাশেরও পরামর্শ দেন।

পরে জেলা শিল্পকলা ও স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান।

 

Ads