খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)' এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি, বৃক্ষরোপণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে জেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ এলাকা থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহাজনপাড়া ও নারিকেল বাগান হয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে গিয়ে পৌঁছায়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে র‌্যালিটি শাপলা চত্বর ও সেলিম সেন্টার হয়ে পৌর টাউন হল এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে পৌর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণও করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার সহ জেলা বিএনপির জৈষ্ঠ্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলীয় কার্যক্রম এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।

এ সময় পরিষদের সদস্যরা, জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পৌর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং মহিলা দলের নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।

Ads