হাম ও উপসর্গে একদিনে ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২০

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম


হাম ও উপসর্গে একদিনে ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২০

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৫২ জনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন।

একই সময়ে মোট ২০ হাজার ৪৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২০ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হওয়ার পাশাপাশি পাঁচজনের মৃত্যু হওয়ায় দেশে চলমান হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।

Ads