সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

মোঃ আশরাফুল আলম

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

রকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে এর বাস্তবায়ন হবে ধাপে ধাপে। পূর্ণাঙ্গভাবে নতুন বেতন কাঠামো কার্যকর হবে ২০২৭ সালের ১ জুলাই থেকে।

নতুন কাঠামোর প্রথম ধাপে চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ।

এই অতিরিক্ত অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ কার্যকর হবে। এ সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।

২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর বেতন বৃদ্ধির পুরো অংশ বা ১০০ শতাংশ কার্যকর হবে।

নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় ওই তারিখ থেকে কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য বর্ধিত বেতনের বকেয়া অর্থও দেওয়ার কথা বলা হয়েছে।

অর্থাৎ নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়নের আগেই ১ জুলাই ২০২৬ থেকে প্রাপ্য বর্ধিত মূল বেতনের হিসাব কার্যকর হবে এবং সংশ্লিষ্টরা নির্ধারিত নিয়ম অনুযায়ী বকেয়া অর্থ পাবেন।

প্রজ্ঞাপনে বিভিন্ন ভাতা কার্যকরের সময়ও নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামোর অন্যান্য সব ধরনের ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতন কাঠামোর আওতায় নির্ধারিত সুবিধা পাবেন।

নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে।

অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন কাঠামোর বাস্তবায়ন ধাপে ধাপে হওয়ায় চলতি বছরের জুলাই থেকে নির্ধারিত হারে বর্ধিত বেতন কার্যকর হবে। পরবর্তী সময়ে ২০২৭ সালের জানুয়ারি এবং জুলাইয়ে আরও ধাপ বাস্তবায়নের মাধ্যমে নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।

Ads