সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব: ডা. শফিকুর রহমান
২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
পাইকগাছায় জামায়াতে ইসলামীর পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের আমির ডা.শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একটি নতুন ও কল্যানকর রাষ্ট্র গঠন করতে চাই। এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা। সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আরো বলেছেন, আবহমান কাল থেকে আমাদের এই দেশটির সৌহার্দ্য-সম্প্রীতির দেশ। নানা ধর্মের মানুষ আমরা মিলেমিশে বসবাস করি। এমন একটি দেশ দুনিয়ায় কমই আছে। এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন একটানা সাড়ে ১৫ বছর, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে। দেশের মানুষের হাতে কাজ তুলে দেয়ার পরিবর্তে দেশের মানুষের রিজিক তারা তুলে নিয়েছে। লাখো বেকারের মিছিলে জনগণ ছিল পিষ্ঠ। এর জন্য বিগত সরকার দায়ী।
তিনি বলেন, শেখ হাসিনা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে আজ নিজেই নিষিদ্ধ হয়েছে। বিগত সতের বছরের জুলুম-নির্যাতন, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, মানুষের বাক-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামীলীগ। কিন্তু জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে আজ মানুষ নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে। যে স্বাধীনতা আমাদের নতুন প্রজন্ম এনে দিয়েছে তাকে আর যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাবেক এমপি অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস । উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে পথ সভায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান,সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুল, মাওলানা গোলাম সরোয়ার, শিবির নেতা আবুজার গিফারী, এডঃ লিয়াকত আলী সরদার,মাওঃ আমিনুল ইসলাম,মাওঃ কামাল হোসেন,কাজী তমজীদ আলম, অধ্যাপক আব্দুল মমিন সানা, এডঃ আঃ মজিদ,মাওঃ বুলবুল আহমেদ,মাওঃ আঃ খালেক,মাওঃ আঃ সবুর, অধ্যাপক আব্দুর রহিম,মাওঃ রুহুল আমিন,মাওঃ আঃ মজিদ সরদার, ডাঃ আসাদুল হক ও নূরে আলম সিদ্দিকী প্রমুখ।






























