নড়াইলের কালিয়ায় হিন্দু বাড়িতে হামলা-অগ্নিসংযোগের খবর গুজব: পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম


নড়াইলের কালিয়ায় হিন্দু বাড়িতে হামলা-অগ্নিসংযোগের খবর গুজব: পুলিশ সুপার

নড়াইল কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে জেলা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি চক্র পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে পুলিশ।


শনিবার (২১ নভেম্বর) নড়াইলের পুলিশ সুপারের দেওয়া এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।


প্রেস রিলিজে বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে হিন্দু সম্প্রদায়ের কোনো সদস্যের পরিবার কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত যেসব তথ্য ও ভিডিও প্রচার করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।


পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া থানাধীন বেন্দারচর সেতু গেট-সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় বিএনপির মিছিলে অংশ নেওয়া শাহীন শেখ (৪৫) ও সোহেল মোল্লা (৪০) নিহত হন। এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে দিপা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করে। তারা বেন্দারচর এলাকার বাসিন্দা।


প্রেস রিলিজে আরও বলা হয়, ওই হত্যাকাণ্ডের জের ধরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন ও অন্যান্য লোকজন বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালায়।


খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


নড়াইল জেলা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে। পাশাপাশি যেকোনো তথ্য যাচাই ছাড়া প্রচার না করার অনুরোধ জানিয়েছে।

 

 

Ads