খাগড়াছড়িতে ৫১ হাজার শিশুর পুষ্টি পরীক্ষা, সহায়তা পেয়েছে ৪৩৫ পরিবার
২১ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
ছবি: প্রতিদিনের চিত্র
খাগড়াছড়ির নয়টি উপজেলায় পাঁচ বছরের কম বয়সী ৫১ হাজার ৩৬৮ শিশুর পুষ্টিগত অবস্থা পরীক্ষা, ৪৩৫ পরিবারকে জীবিকায়ন সহায়তা, ৪৩৫টি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ এবং সৌরশক্তিচালিত ১৮টি নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করেছে একটি উন্নয়ন প্রকল্প। শিশু অপুষ্টি প্রতিরোধ, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ এবং প্রান্তিক পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
শনিবার (২১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের মিলপুরে হোটেল গাইরিংয়ের হলরুমে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভায় এসব তথ্য জানানো হয়।
প্রকল্পের আওতায় শনাক্ত করা অপুষ্টিতে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাদ্যসহায়তা, পরামর্শ এবং স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ৬৯৯টি অতি তীব্র ও ৩ হাজার ৩০৫টি মাঝারি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারকে পুষ্টিকর খাবার কেনার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উঠান বৈঠক, পুষ্টিবিষয়ক পরামর্শ ও রান্না প্রদর্শনীর মাধ্যমে শিশুদের সঠিক খাদ্যাভ্যাস নিয়েও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।
এ ছাড়া ৪৩৫টি প্রান্তিক পরিবারকে আয়বর্ধনমূলক কার্যক্রমের আওতায় আর্থিক ও জীবিকায়ন সহায়তা দেওয়া হয়েছে। নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে ৪৩৫টি স্বাস্থ্যসম্মত পায়খানা এবং স্থাপন করা হয়েছে সৌরশক্তিচালিত ১৮টি পানি সরবরাহ ব্যবস্থা। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এসব পানি ও স্যানিটেশন কার্যক্রমে কারিগরি সহায়তা দিয়েছে।
প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মারাত্মক তীব্র অপুষ্টির চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার এবং দুর্গম এলাকার জনগোষ্ঠীর কাছে পুষ্টিসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা। বিশেষ অতিথি ছিলেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ফুড সিস্টেমস প্রোগ্রামসের ম্যানেজার মো. মাহাবুব হাসান, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রিপল বাপ্পি চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী এবং জেলা পরিষদের সদস্য রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী ও তাছলিমা সিরাজ। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ক্ষেত্র মোহন রোয়াজা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের অর্জন ও সুফল ধরে রাখার বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান এবং খাগড়াছড়ির সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি হলে খাগড়াছড়িকে অগ্রাধিকার দেওয়ার জন্য হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা বলেন, শিশু অপুষ্টি প্রতিরোধে নিয়মিত পুষ্টি পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা জরুরি। প্রকল্পের মেয়াদ শেষ হলেও অর্জিত সুফল ধরে রাখতে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রকল্পের সমন্বয়কারী বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. মতিউর রহমান, কৃষি বিভাগের সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম, আলো সংস্থার নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতু দেওয়ানসহ প্রকল্পের অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।



















