চিকিৎসক সংকট, বাইরে পরীক্ষা, অপারেশনে বিদ্যুৎ বিপর্যয়—খাগড়াছড়ি সদর হাসপাতালে রোগীদের দুর্ভোগ
১৭ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম
চিকিৎসক সংকট, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, জরুরি ওষুধের ঘাটতি, অপারেশন থিয়েটারে বিদ্যুৎ বিপর্যয়—একের পর এক সংকটে ব্যাহত হচ্ছে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবা। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে অনেক রোগীকে প্রয়োজনীয় পরীক্ষা করাতে যেতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এতে চিকিৎসার খরচ বাড়ার পাশাপাশি সময়মতো সেবা পাওয়া নিয়েও তৈরি হচ্ছে অনিশ্চয়তা। অন্যদিকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের অভাবে হাসপাতালের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে।
প্রায় সাত লাখের বেশি মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা ছাড়াও রাঙামাটির কয়েকটি উপজেলা এবং পার্শ্ববর্তী সমতল এলাকা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। কিন্তু সেই তুলনায় চিকিৎসক, নার্স, পরীক্ষা-নিরীক্ষার সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামো এখনো পর্যাপ্ত নয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যার হাসপাতালের জন্য অনুমোদিত ৮২টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৯ জন। শূন্য রয়েছে ৬৩টি পদ। অর্থাৎ চিকিৎসকের প্রায় ৭৭ শতাংশ পদই খালি। একইভাবে ১১২টি নার্স পদের বিপরীতে কর্মরত ৮০ জন। শূন্য রয়েছে ৩২টি পদ। প্রয়োজনীয় জনবল না থাকায় চিকিৎসক ও নার্সদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি পরিচ্ছন্নতাসহ হাসপাতালের অন্যান্য সেবাও ব্যাহত হচ্ছে।

সরকারি হাসপাতালে পরীক্ষা নেই, রোগীদের যেতে হয় বাইরে
চিকিৎসাসেবার আরেকটি বড় সংকট পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা। হাসপাতালের আলট্রাসনোগ্রাফি মেশিনটি পুরোনো হওয়ায় মূলত গর্ভবতী মায়েদের পরীক্ষা করা সম্ভব হচ্ছে। অন্যান্য রোগীর ক্ষেত্রে পরীক্ষা করলেও অনেক সময় স্পষ্ট প্রতিবেদন পাওয়া যায় না।
এ ছাড়া প্লাটিলেট, সিবিসি, সিরাম ইলেকট্রোলাইট ও লিপিড প্রোফাইলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হাসপাতালে করা যাচ্ছে না। ফলে চিকিৎসকের পরামর্শে এসব পরীক্ষা করাতে রোগীদের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। এতে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীদের চিকিৎসা ব্যয় বাড়ছে। বিশেষ করে দূরবর্তী উপজেলা থেকে আসা রোগীদের জন্য এটি বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাসপাতালের পক্ষ থেকে এসব পরীক্ষা চালুর জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও এখনো কার্যকর সমাধান হয়নি বলে জানা গেছে।
অপারেশনের সময় বিদ্যুৎ চলে গেলে বাড়ে ঝুঁকি
হাসপাতালের অপারেশন থিয়েটারেও রয়েছে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা। অপারেশন চলাকালে বিদ্যুৎ চলে গেলে চিকিৎসাকাজে বিঘ্ন ঘটে। গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে রোগীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।
অন্যদিকে প্রয়োজনীয় অস্ত্রোপচার যন্ত্রপাতিরও সংকট রয়েছে। তারপরও স্থানীয়ভাবে পরিচিত চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা ও ডা. সুবল জ্যোতি চাকমা নিজেদের ব্যবস্থাপনায় এবং বাইরে থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করে অস্ত্রোপচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের প্রয়োজনীয় সরঞ্জাম ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত না হওয়া স্বাস্থ্যসেবার সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে।
২৫০ শয্যার ভবন নির্মাণে আট বছর, বাড়েনি সেবার সক্ষমতা
রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিনেও তা চালু করা সম্ভব হয়নি। গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের কার্যাদেশ পায় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলিম এন্টারপ্রাইজ। ২০১৯ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৪ সালে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ভবনটি এখনো হস্তান্তরের উপযোগী হয়নি।
এদিকে নতুন ভবনের জন্য প্রয়োজনীয় জনবলও হাসপাতাল কর্তৃপক্ষ পায়নি। ফলে ১০০ শয্যার জনবল দিয়েই হাসপাতালের বর্তমান কার্যক্রম চালাতে হচ্ছে। নতুন ভবন নির্মাণের উদ্দেশ্য ছিল রোগীর চাপ কমানো ও সেবার পরিধি বাড়ানো। কিন্তু নির্মাণকাজ শেষ না হওয়ায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
অ্যাম্বুলেন্স সংকটেও বিপাকে রোগীরা
হাসপাতালে বর্তমানে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও এর একটি নষ্ট। অন্যটিও মাঝেমধ্যে বিকল হয়ে পড়ে। জরুরি রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সের এই সীমাবদ্ধতা রোগী ও স্বজনদের বাড়তি দুশ্চিন্তায় ফেলে।
এ ছাড়া জরুরি ওষুধের সংকট, পরিচ্ছন্নতাকর্মীর স্বল্পতা এবং রোগীদের জন্য পর্যাপ্ত গণশৌচাগারের অভাবও আলোচনায় এসেছে। ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের মতে, এসব সমস্যা সমাধান না হলে হাসপাতালের সামগ্রিক সেবার মান উন্নত করা কঠিন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, ২৫০ শয্যার নতুন ভবনের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। নতুন ভবনের জন্য প্রয়োজনীয় জনবলও পাওয়া যায়নি। চিকিৎসক ও নার্স সংকটের পাশাপাশি জরুরি ওষুধ ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সীমাবদ্ধতা রয়েছে। পুরোনো আলট্রাসনোগ্রাফি মেশিন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চালু না থাকায় রোগীদের ভোগান্তি হচ্ছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। নতুন করে আবারও যোগাযোগ করা হবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক তাসলিমা সিরাজ সীমা জানান, হাসপাতালের সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সিভিল সার্জন, জেলা পরিষদের চেয়ারম্যান এবং খাগড়াছড়ির সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

























