ফ্রান্সে ট্রেন দুর্ঘটনায় ৪৪ যাত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম


ফ্রান্সে ট্রেন দুর্ঘটনায় ৪৪ যাত্রী আহত

ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ওই তরুণীকে ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরমঁদি অঞ্চলের ক্লেয়ঁন শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি রৌয়েন থেকে কেন শহরের দিকে যাচ্ছিল।

ফরাসি পুলিশ ও দেশটির রেল পরিষেবা কোম্পানি এসএনসিএফের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো একটি বস্তুর সঙ্গে ধাক্কা লাগার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে।

দুর্ঘটনার কারণ জানতে এসএনসিএফ ও পুলিশ তদন্ত শুরু করেছে। রৌয়েনের পাবলিক প্রসিকিউটর সেবাস্টিয়েন গাল্লোইস জানিয়েছেন, চালক মাদক বা অ্যালকোহল গ্রহণ করেছিলেন কি না, তা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

ফ্রান্সের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে ঘটনাস্থলে ১৩০ জন ফায়ার সার্ভিস কর্মী, পাঁচটি মেডিকেল টিম এবং কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

ট্রেনটির এক যাত্রী ২৪ বছর বয়সী লুইস জানান, দুর্ঘটনার আগে ট্রেনটিতে বেশ কয়েকবার প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়। একপর্যায়ে ট্রেনটি তীব্রভাবে কেঁপে ওঠে এবং জানালার একটি অংশ ভেঙে যায়। রেললাইনের পাথরও বগির ভেতরে ছিটকে পড়ে।

আইসিআই নরম্যান্ডি রেডিওকে লুইস বলেন, ঝাঁকুনির কারণে তিনি নিজের আসনে বসে থাকতে পারছিলেন না। পুরো ঘটনাটি অত্যন্ত আতঙ্কজনক ছিল বলেও জানান তিনি।

Ads