শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল
১৭ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) জন্য ঢাকার পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক অনুরোধটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে নয়াদিল্লি। আজ শুক্রবার (১৭ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
ব্রিফিংয়ে ভারতের কাছে শেখ হাসিনাসহ বাংলাদেশে বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের অনুরোধ এবং এ বিষয়ে দুই দেশের যোগাযোগের অগ্রগতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। একই সাথে শেখ হাসিনার আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা সংক্রান্ত খবরের বিষয়েও জানতে চাওয়া হয়।
এসব প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছি। পূর্বে যেমনটি জানানো হয়েছিল, অনুরোধটি বর্তমানে আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্ট আইনগত কাঠামো এবং বিচারিক প্রক্রিয়ার আলোকেই এই প্রত্যর্পণের আবেদনটি খতিয়ে দেখা হচ্ছে।”
ব্রিফিংয়ে অপর এক সাংবাদিক বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সূত্র ধরে অন্য এক বাংলাদেশি নাগরিকের প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন তোলেন। ওই ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে আছেন এবং তাঁর বিরুদ্ধে বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে একজন রাজনীতিবিদকে হত্যার অভিযোগ রয়েছে।
এই প্রসঙ্গে রণধীর জয়সোয়াল জানান, সুনির্দিষ্ট ওই বিষয়টি এই মুহূর্তে তাঁর জানা নেই। তবে তিনি পুনর্ব্যক্ত করেন যে, যেকোনো প্রত্যর্পণের আবেদনই ভারতের নিজস্ব আইন ও বিচারিক রীতিনীতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।

























