বিশ্ব মঞ্চে ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের ডাক

কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬

অয়ন আহমেদ

১৬ জুলাই ২০২৬, ১১:৩২ পিএম


কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬

 

বিশ্বের বিভিন্ন দেশের বৈচিত্র্যময় ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ৯ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’। বৈশ্বিক স্তরে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা, ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং একে আরও পেশাদার রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে এই আন্তর্জাতিক আসর বসছে। আগামী ১২ আগস্ট পর্যন্ত এই সম্মেলন চলবে।

নেপাল আদিবাসী উপজাতি সাংবাদিক ফেডারেশন (ফোনিজ - FONIJ )-এর মূল আয়োজনে এবং নেভাঃ (নয়া) জাতীয় সাংবাদিক ফোরাম (Newa National Forum of Journalists) ও সার্ক জার্নালিস্ট ফোরামের যৌথ সমন্বয়ে এই সম্মেলনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সম্প্রতি কাঠমান্ডুর নয়াবাজারে আয়োজিত এক প্রস্তুতিমূলক বৈঠকে সম্মেলনের প্রাথমিক পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে ফোনিজের সাধারণ সম্পাদক সমীর বলামী সম্মেলনের বিস্তারিত কার্যপরিকল্পনা ও খসড়া রূপরেখা উপস্থাপন করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ৪০টি দেশের মাতৃভাষায় সাংবাদিকতা করা সাংবাদিক, গবেষক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের কর্মসূচিতে থাকছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা (Panel Discussion) এবং কার্যপত্র উপস্থাপন (Paper Presentation), যেখানে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা নিজেদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য তুলে ধরবেন।

পেশাগত আলোচনার পাশাপাশি এ আয়োজনে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। যেখানে অংশগ্রহণকারী দেশসমূহ এবং নেপালের নিজস্ব সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যাবে। এছাড়াও, আগত অতিথিদের জন্য থাকছে নেপালের বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র পরিদর্শনের ব্যবস্থা। পাশাপাশি তাদের নেপালের ঐতিহ্যবাহী স্থানীয় খাবারের স্বাদ নেওয়ানো হবে, যা আন্তর্জাতিক স্তরে নেপালি সংস্কৃতির প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখবে।

আয়োজকদের মতে, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো মাতৃভাষা সাংবাদিকতার বিকাশ ঘটিয়ে একে আরও বেশি পেশাদার ও শক্তিশালী রূপ দেওয়া। একই সঙ্গে বিভিন্ন দেশের সরকারি নীতিতে মাতৃভাষা সাংবাদিকতার গুরুত্ব প্রতিষ্ঠা করা এবং বিশ্বমঞ্চে নেপালের মাতৃভাষা সাংবাদিকতার সাফল্য ও সম্ভাবনা তুলে ধরা। এই মহতী উদ্যোগের মাধ্যমে ভাষা, লিপি, সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্পদ সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন আয়োজক ও অংশীজনেরা।

 

Ads