অবৈধ প্রবাসীদের জন্য কঠোর হুঁশিয়ারি সৌদি আরবের: জরিমানা ও কারাদণ্ড ঘোষণা
১৪ জুলাই ২০২৬, ১০:০০ এএম
সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জারি করেছে দেশটির সরকার। আইন অমান্য করে যারা নির্ধারিত সময়ের বেশি অবস্থান করছেন, তাদের বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড এবং দেশ থেকে নির্বাসনের মতো কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করাকে একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করছে দেশটির প্রশাসন। এই অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকারও বেশি।
জরিমানার পাশাপাশি অপরাধীকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। একই সঙ্গে সাজা ভোগ করার পর তাকে সৌদি আরব থেকে নির্বাসিত (ডিপোর্ট) করা হবে এবং পরবর্তীতে তার পুনরায় সৌদি আরবে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আবাসন ও শ্রমবিষয়ক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করা এবং দর্শনার্থীরা যাতে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান না করেন, তা নিশ্চিত করা।
আইন শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সাধারণ নাগরিক ও বৈধ বাসিন্দাদের প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়েছে। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কোনো ঘটনা বা সন্দেহজনক কোনো গতিবিধি নজরে এলে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
তথ্য প্রদানের সুবিধার্থে একটি হটলাইন সেবা ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে ফোন করে তথ্য দিতে পারবেন। এছাড়া দেশের অন্য সব অঞ্চলের বাসিন্দাদের জন্য ৯৯৯ নম্বরটি উন্মুক্ত রাখা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, শ্রমবাজার রক্ষা করা এবং আইন লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতেই এই কঠোর নিয়মাবলী কার্যকর করা হয়েছে। বর্তমানে সৌদি কর্তৃপক্ষ আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ চিরুনি অভিযান চালাচ্ছে এবং এই অভিযানের মধ্যেই নতুন এই কড়া নির্দেশনা জারি করা হলো।


































