ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত, আহত ১
২৭ জুন ২০২৬, ১১:৫৪ এএম
ইতালির রাজধানী রোমে একটি আবাসিক ভবনে ঢুকে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে এক অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি বহুতল ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সি এক কন্যাসন্তান। এ ঘটনায় কামাল দম্পতির ১৮ বছর বয়সি বড় ছেলেও গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ইতালীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ঘটনার সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাংলাদেশি পরিবারের ওপর আচমকা হামলা চালায়। দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারান কামাল, তার স্ত্রী এবং তাদের শিশু সন্তান। এ ঘটনায় এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘাতককে আটকে অভিযান শুরু করেছে।

























