শিবচরে বিন্দু বিন্দু শিশিরকণা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা
০৫ নভেম্বর ২০২১, ০৬:৫৮ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
ষড়ঋতুর খেলায় দুয়ারে দাঁড়িয়ে শীত, হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা। পদ্মা ও আড়িয়াল খাঁ বিধৌত মাদারীপুর জেলার শিবচরে গত দুই দিন ধরে সকাল আসছে হালকা কুয়াশার চাদরে ভর করে।
শীতের আগমনী বার্তায় ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়ছে বিস্তীর্ণ ফসলের মাঠ। কুয়াশা ভেদ করে পুবের আকাশে সূর্যের উদয়। দূর্বা ঘাস আর ধানের কচি ডগায় মুক্তার মতো আলো ছড়িয়ে ভোরের শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বাতাস কনকনে না হলেও কুয়াশাভেজা ঘাস কিংবা ফসলের সবুজ ডগায় বিন্দু বিন্দু শিশির কণা, মাঠে-প্রান্তরে শিশির মাখা ধানের ডগা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
স্থানীয়রা বলছেন, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে এ বছর আগাম শীত অনুভব হচ্ছে। দিনের বেলা কিছুটা গরম থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথেই কুয়াশা পড়তে শুরু করে। রাত যত গভীর হয় কুয়াশা তত বাড়ে হালকা বৃষ্টির মতো টিপটিপ কুয়াশা ঝরতে থাকে। বিশেষ করে মাঠে ঘাসের ডগায় ও ধানের শীষে জমতে দেখা গেছে বিন্দু বিন্দু শিশির।
উত্তর থেকে আসছে শিরশিরে বাতাস। ভোরের প্রকৃতিতে হাত বাড়লেই ঠান্ডা ঠান্ডা ভাব। কয়েক দিন থেকে শেষ রাতে গায়ে কাঁথা চাপাচ্ছেন অনেকেই। যদিও দিনে গরমের তীব্রতা খুব একটা কমেনি। এদিকে জেলার গ্রাম ও শহরের হাট-বাজারগুলোতে উঠতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর,টমেটোসহ নানা জাতের শীতের সবজি। শুরু হয়েছে ফুটপাতে শীতের পিঠা বিক্রি।
পিঠা বিক্রেতা সালমা বেগম বলেন কয়েকদিন ধরে শীতের উপস্থিতি টের পেয়ে প্রতি বছরের মত এবারও প্রতিদিন সকালে ভাপা পিঠা, চিতই পিঠা তৈরী করছেন।
শিবচরের কাঁঠালবাড়ী এলাকার সূচনা আক্তার বলেন, ‘গত কয়েক দিন ধরে ভোর থেকে কুয়াশা পড়ছে। চরাঞ্চলে কুয়াশার মাত্রা একটু বেশি।
স্পিডবোটচালকেরা বলেন, দুই দিন ধরে ভোরে কুয়াশা পড়ে। মনে হয় শীত এসে গেছে। তবে বেলা বাড়লে আবার গরমও পড়ে। কুয়াশার কারণে খুব ভোরে বোট ছাড়া হয় না।
শীতের আগমনী বার্তা প্রকৃতিতে এনে দেয় এক অন্যরকম অনুভূতি। ঘাসের ডগায় শিশিরের স্পর্শ। শিউলি ফুলের ঘ্রাণ আর ফোঁটা ফোঁটা কুয়াশা পূর্ণতা দেয় শীতের সৌন্দর্যের।


























