ফতুল্লায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ নিহত ২
১৭ ডিসেম্বর ২০২০, ০৯:১৫ পিএম
ছবি- সংগৃহীত।
ফতুল্লা থানার রামারবাগ ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন একটি ফ্ল্যাট বাসায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এই সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত হয়েছেন, গার্মেন্টসকর্মী রাজ্জাক ও ভাড়াটিয়া মামুন মিয়ার ছেলে জিসান। আহতরা হলেন, সোলাইমানের স্ত্রী সাঈদা ও পিয়ার আলীর ছেলে শাকিব। চিকিৎসাধীন অবস্থায় জিসান ও রাজ্জাকের মৃত্যু হয়। আহত শাকিব ও সাঈদার অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, ফতুল্লা রামারবাগ সাঈদ খানের মালিকানাধীন তৃতীয় তলা বিল্ডিংয়ের নিচ তলায় সেপটিক ট্যাংক আজ হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা যাচ্ছে, ট্যাংকটিতে গ্যাস জমে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। দরজা জানালা উড়ে যায়। পাশের বাড়ির সেমি পাকা বাড়ির দেয়াল ভেঙ্গে যায়।
আরো পড়ুন: আগামী তিন দিনে বাড়বে শীত
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পুলিশ সেখানে আছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


























