রায়পুরায় পরকীয়ার জেরে ছেলের হাতে বাবা খুন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৫ পিএম


রায়পুরায় পরকীয়ার জেরে ছেলের হাতে বাবা খুন

ছবি-সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে মো. ইসমাইল হোসেন (৬০)  ছেলের হাতে খুন হয়েছে। এ ঘটনায় জড়িত তার বড় ছেলে জামালকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল একই গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত ইসমাইলের মালয়েশিয়া প্রবাসী ছেলে জামাল মিয়া ১৪ বছর পূর্বে একই ইউনিয়নের গজারিয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে ফায়েজা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমায় জামাল। তিনি প্রবাসে থাকাকালীন স্ত্রী ফায়েজা একই এলাকার ইসলাম মিয়ার ছেলে মিস্টারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় শ্বশুর ইসমাঈল পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দেন। এরপর ফায়েজা তার প্রেমিক মিস্টারকে বিয়ে করে ছয় মাস ধরে সংসার করছেন। এরই জের ধরে পিতার সঙ্গে প্রবাসী ছেলের দ্বন্দ্ব শুরু হয়। এক মাস আগে দেশে ফিরে জামাল তার বাবা ইসমাইলকে মেরে ফেলার হুমকি দেয়। পারিবারিক সূত্রে জানা যায় গত এক সপ্তাহ আগে একবার পিতা ইসমাইলকে মারতে গেলে পরিবারের সদস্যের বাধায় তিনি ব্যর্থ হন।

গতরাতে পরিবারের বাকি সদস্যরা ঘুমিয়ে পড়লে বাবাকে জামাল শোবার ঘর থেকে ডেকে নিয়ে হাত পা দড়ি দিয়ে বেঁধে বাড়ির পেছনে নিয়ে খুন করে বলে জানা যায় লোকমুুখে । এ ঘটনায় পুলিশ জামালকে আটক করেছে। নিহত ইসমাইলের স্ত্রী বলেন, ছেলে জামালই তার স্বামী ইসমাইলকে খুন করেছে। এর আগেও একবার মারার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় তিনি ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই গোবিন্দ সরকার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলে জামালকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Ads