মানিকগঞ্জের ঘিওরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় ও পৌষ মেলা অনুষ্ঠিত
১৬ জানুয়ারি ২০২০, ০৯:০২ পিএম
মানিকগঞ্জের ঘিওরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়
জেলার ঘিওর উপজেলার কাঁলাচাদপুর বাজারে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কনকনে শীত উপেক্ষা করে আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই দুরদুরান্ত হতে শত বছরের ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় ও মেলা উপভোগের জন্য ছুটে আসে। গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় এ ঐতিহ্য টিকিয়ে রাখার প্রয়াসে কাঁলাচাদপুর বাজার কমিটি, স্থানীয় নেতৃবর্গ ও পাশ্ববর্তী গ্রামবাসীর উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার ঘোড়া দৌড় প্রতিযোগীতার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। আয়োজক কমিটির সভাপতি প্রতিবেদককে বলেন, গ্রাম বাংলার এতিহ্য ও শতবর্ষী মেলা টিকিয়ে রাখতে আমাদের এ আয়োজন। আগে ঘোড়ার পাশাপাশি গরু দৌড়ও অনুষ্ঠিত হতো। কিন্তু এখন গরু দৌড় হয়না। বিচার গান, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য ৩ দিন ব্যাপী মেলার সমাপ্তি ঘটবে। অপর দিকে শিবালয় উপজেলার কলাগাড়ীয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে পৌষ সংক্রান্তি ও সোনারা পুজা উপলক্ষে এতিহ্যবাহী পৌষ মেলা।
বুধবার রাতে সোনারা পুজার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। আয়োজক কমিটি জানান, কবি গান ও গ্রাম্য যাত্রা পালার সমন্বয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। সরেজমিন ঘুরে এ সময় দেখা গেছে, প্রতিটি হিন্দু পরিবারে বিভিন্ন রকম পিঠার আয়োজন করা হয়েছে। এ যেন পিঠার বন্যা।


























