পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
০৮ জানুয়ারি ২০২০, ০৩:৫২ পিএম
ছবি - সংগৃহীত
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় স্বাভাবিক হয় ফেরি চলাচল।
এর আগে দুর্ঘটনা এড়াতে গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে কিছুই দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে পাটুরিয়া ঘাটে অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ঘাটে পার হতে আসা যাত্রী ও চালকরা।
বিআইডাব্লিউটিসি'র পাটুরিয়া ঘাটের ভারপ্রাপ্ত জিএম মো. জিল্লুর রহমান ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে কিছুই দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ বুধবার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় স্বাভাবিক হয় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল।

































