কাঁদছে পাটকল শ্রমিকরা
০১ জানুয়ারি ২০২০, ১১:৪৭ পিএম
ছবি - সংগৃহীত
বুকভরা কষ্ট, চাপা কান্না আর হতাশা নিয়ে চতুর্থ দিনের মতো পাটকল শ্রমিকরা অনশন করছেন খোলা আকাশের নিচে। অসুস্থও হয়ে পড়েছেন বেশ কয়েকজন শ্রমিক। বকেয়া বেতনসহ ১১ দফা দাবি আদায় করেই ঘরে ফিরতে চান তারা।
অথচ নতুন বছর উদযাপনে যেখানে সারা দেশের মানুষ আনন্দে ভাসছে, আতশবাজি আর ফানুশে। সেখানে মজুরির দাবিতে খোলা আকাশের নিচে পাটকল শ্রমিকরা। কিন্তু হাসি নেই নরসিংদী ইউএমসি জুট মিলের শ্রমিকদের।
কান্নারত এক শ্রমিক বলেন, আজ বছরের ১ তারিখ। বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হবে। জামা কাপড় কিনে দিতে হবে। আমি বলছি আমি পারব না। আমার কাছে টাকা নাই। রাস্তায় শুয়ে আছি।'
শ্রমিকরা বলেন, 'আমরা চারদিন যাবত অনশন করছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, উনি আমাদের মজুরি কমিশন যেন স্বীকৃতি দিয়ে দেয়। আমরা কাজে ফিরতে চাই।'
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতৃত্বে গত ১০ই ডিসেম্বর থেকে শুরু হয় আমরণ অনশন। শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসে ১৪ই ডিসেম্বর তা স্থগিত করলেও, দাবি পূরণ না হওয়ায় ২৮ শে ডিসেম্বর থেকে ফের অনশনে শ্রমিকরা।
তারা বলেন, 'আমরা চাই আমাদের মজুরি কমিশন চালু করে দেয়া হউক। তারপর আস্তে আস্তে ১১ দফা দাবি বাস্তবায়ন করতে থাকুক।'
আন্দোলনরত শ্রমিকরা আরও বলেন, 'মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে। না করলে আমাদের আন্দোলন-সংগ্রাম চলবে। না হলে আমরা এখানে মৃত্যু বরণ করবো।'
এরই মধ্যে তীব্র শীতে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। এবার আর কোনো আশ্বাস নয়, দাবি আদায় করেই ঘরে ফিরতে চান শ্রমিকরা।


























