বিজয় দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
১৬ ডিসেম্বর ২০১৯, ০২:৩৬ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে। রাত ১২ টা ১ মিনিটে গোপালগঞ্জের জেলা প্রশাসক শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর, পুলিশ সুপার, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এছাড়াও শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বিজয় দিবস উপলক্ষ্যে জাতির জনকের সমাধি সৌধ কমপ্লেক্সকে ঘিরে আলোকসজ্জা করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে রয়েছে নানা কর্মসূচি।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এ দিনটি বাঙালির বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পরাধীনতার শেকল ছিন্ন করে বাংলার আকশে ওঠে নতুন সূর্য। ১৯৭১ সালের এই দিনে পড়ন্ত বিকেলে ঢাকা ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ঐ দিন থেকেই বাঙালি জাতির একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নামক ভূখন্ডের ওপর।
১৯৭১ সালের ২৫শে মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনী কর্তৃক বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা শুরু হলে ২৬শে মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদের রক্ত এবং মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৬ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকবাহিনীর জান্তারা যে অস্ত্র দিয়ে বাঙালিকে গুলি করে হত্যা করে, সেই অস্ত্র পায়ের কাছে রেখে মাথা নিচু করে আত্মসমর্পণ করে এবং পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।


























