খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ শুরু


খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহযোগিতায় দুইটি কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, পিএসসি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক শ্যামল আগষ্টিন রোজারিও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতী ও আগ্রহী স্থানীয় জনগোষ্ঠীকে বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে বৈদ্যুতিক সংযোগ স্থাপন, বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও মেরামতের পাশাপাশি মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ শনাক্তকরণ, ত্রুটি নির্ণয় ও মেরামতের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলেন, দুর্গম এলাকার জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উন্নয়নে আর্থিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি গুরুত্বপূর্ণ। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে চাকরি, আত্মকর্মসংস্থান কিংবা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক সক্ষমতাও বাড়বে।

প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন জানান, দুর্গম এলাকায় বসবাসের কারণে দূরের কোনো প্রতিষ্ঠানে গিয়ে কারিগরি প্রশিক্ষণ নেওয়া তাদের জন্য কঠিন। নিজ এলাকায় বিনামূল্যে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংশ্লিষ্টদের মতে, দুর্গম পাহাড়ি এলাকার জনগোষ্ঠীকে কর্মমুখী দক্ষতায় দক্ষ করে তোলার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে দুর্গম এলাকার যুবসমাজের কর্মসংস্থানের ক্ষেত্রও আরও সম্প্রসারিত হবে।

Ads