লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার জমি জবর দখল!
২৬ এপ্রিল ২০২২, ০৮:৫৩ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ভূঁইয়ার পৈতৃক সম্পত্তি দুষ্কৃতিকারীরা অবৈধভাবে জবর দখলের চেষ্টা করে আসছে। এই নিয়ে ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধা সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপিসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানায় একাধিক অভিযোগ দায়ের করেও সুফল পাচ্ছে না বলে জানান।
শুধু তাই নয় মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ভূঁইয়া তার পৈতৃক সম্পত্তি থেকে বঙ্গবন্ধু তনয় শেখ রাসেল স্মৃতি স্মরণে পাঠাগার নির্মাণ করার চেষ্টা করলেও দুস্কৃতিকারীরা রাতের অন্ধকারে ঘর ভেঙে নিয়ে যায়। পাকা ভবন নির্মার্ণের জন্য আনা ৫ হাজার ইট ও দুইশ ফুট বালু নিয়ে যায়। দফায় দফায় ৮ বার সাইনবোর্ড চুরি করে দুস্কৃতিকারীরা।
স্থানীয় কিছু দুষ্কৃতিকারী মুক্তিযোদ্ধা সালাউদ্দিনকে প্রকাশ্যে হুমকি ধামকি দেয় বলেও জানান। এই নিয়ে সালাউদ্দিন ভূঁইয়া বাদী হয়ে শাহাবুদ্দিন ড্রাইভারের ছেলে রুবেল, সোহেল, মৃত অলিউল্লাহর ছেলে হুমায়ুন কবির, ওরফে ফারুক চৌধুরী, মৃত মফিজুর রহমানের ছেলে পলাশ, মৃত ইউসুফ চৌধুরী ছেলে ফারুক চৌধুরী, কালু মিয়ার ছেলে মহিউদ্দিন,এস আলীর ছেলে আব্দুর রহিম, খোরশেদ আলমের ছেলে শফিক ও নুরুল ইসলামের ছেলে বাবুলকে বিবাদী করে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা প্রশাসক উক্ত অভিযোগটি আমলে নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার মেয়রকে তদন্তক্রমে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অভিযোগপত্রে উল্লেখ করেন রুবেল ও সোহেল ৩৩৭৫ দাগে ৫ শতাংশ জমি খরিদ করে ১০ শতাংশ জমি দখল করেন। এতে বাধা দিতে গেলে তারা সালাউদ্দিন ভূঁইয়ার উপর চড়াও হয়।
তদন্তের দায়িত্ব পাওয়া পৌর কাউন্সিলর মোঃ আলী বলেন - জেলা প্রশাসকের কার্যালয় থেকে আসা অভিযোগের পেক্ষিতে আমি দায়িত্ব পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে এর বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নিয়ে রুবেল এ প্রতিবেদককে জানিয়েছেন তিনি ঈদের পরে মুক্তিযোদ্ধার সাথে বসবেন।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ভূঁইয়া তদন্ত সাপেক্ষে তার পৈত্রিক নিষ্কণ্টক জমি ফেরত চান।

































