ভোলায় ৬ ট্রলারের ৭০ জেলে এখনো নিখোঁজ, উদ্ধারে কোস্টগার্ড
২১ আগস্ট ২০২২, ০৭:৩২ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ভোলার চরফ্যাশনের ৪টি ও লালমোহনের ২টি ট্রলারের সন্ধান মেলেনি এখনো। ওই ৬ ট্রলারে অন্তত ৭০ জন জেলে ছিল বলে জানিয়েছে মৎস্যবিভাগ।
তিন দিন অতিবাহিত হলেও তাদের সন্ধান না পাওয়ায় নিখোঁজদের ভাগ্যে কি ঘটেছে সেই চিন্তায় আতঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছে নিখোঁজদের পরিবারগুলো।
অন্যদিকে লালমোহনে ৪ ট্রলারের ৫৬ জেলে সুন্দরবন থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, সাগরে ঝড়ের কবলে পড়ে যেসব ট্রলার ও জেলে নিখোঁজ হয়েছে তাদের মধ্যে ৫৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে কোস্টগার্ডের ৫ টিমের অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার ( ২১ আগস্ট ) সকাল থেকেই আবহাওয়া রৌদ্র উজ্জল। নদী শান্ত রয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরে আসছে উপকূলে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, যেসব ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, তাদের বেশিরভাগ ট্রলারের জেলে জীবিত উদ্ধার হয়েছে।
ঢালচর ইউপি চেয়ারম্যান সালাম হাওয়াদার জানান, আমাদের ২টি ট্রলার নিখোঁজ ছিল, শনিবার সেগুলোর সন্ধান মিলেছে। তবে গত ৮ আগস্ট ইউসুফ মাঝির ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৮ জেলে। ১৩ দিনেও তাদের সন্ধান মেলেনি।
কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের চোয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, এখনও একটি ট্রলারের সন্ধান মেলেনি, সেই ট্রলারে ১৪/১৫ জন জেলে ছিল।
ঝড়ের কবলে পড়া নিখোঁজ জেলেদের উদ্ধারে তৃতীয় দিনের মতো রোববার সকাল থেকে অভিযানে রয়েছে কোস্টগার্ড। তবে এই দিন দুপুর পর্যন্ত কোনো জেলে উদ্ধার হয়নি। নিখোঁজ জেলেরা উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে কেস্টগার্ড।































