ভোলায় আলু চাষে ব্যস্ত কৃষকরা
১১ ডিসেম্বর ২০১৯, ০৪:১৫ পিএম
আমন ধান ঘরে তুলে এখন আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোলার কৃষকরা। আগাম জাতের আলু চাষ করে লাভবান হওয়ার আশায় বরাবরের মতো এবারও আলু চাষ করছেন কৃষক। চলতি আমন মৌসুমের কিছু কিছু আগাম জাতের ধান ঘরে তুলেছেন কৃষক। সেই জমিতে এখন আগাম আলুর বীজ বুনছেন।
সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চরপাতা গ্রামের কৃষক কামরুল ইসলাম জানান, বাজারে যার আলু যত আগে উঠবে, তার লাভ ততো বেশি। তাই আগে-ভাগেই আলু আবাদ করছি।
এবার আবহাওয়া অনুকূলে। বীজের দাম কম। প্রয়োজনীয় সারের সরবরাহও স্বাভাবিক। তিনি এবার ৫ বিঘা জমিতে আগাম জাতের আলু রোপন করছেন বলে জানান।
একই গ্রামের রফিকুল ইসলাম তিনিও এবার এক একর জমিতে আগাম আলু চাষের প্রস্তুতি নিয়েছেন। তিনি জানান, প্রতি বিঘা জমিতে আগাম জাতের আলু রোপনে খরচ হচ্ছে ১৫-২০ হাজার টাকা। বিঘায় আলু উৎপাদন হবে প্রায় ৫০ থেকে ৬০ মণ।
বাজারে আগে আলু তুলতে পারলে প্রতি কেজি আলু বিক্রি হবে প্রায় ৫০ থেকে ৬০ টাকা ধরে। এতে বিঘা প্রতি আলু বিক্রি করে খরচ বাদে লাভ পাওয়া যাবে প্রায় ৩০ হতে ৩৫ হাজার টাকা।
ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন বলেন, উপজেলায় এবার চার হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু হয়েছে। অধিক দামের আশায় কৃষকরা আগাম জাতের আলু আবাদে নেমে পড়েছে। আগামী ফেব্রয়ারী থেকে জানুয়ারি মাসেই এই আলু বাজারে পাওয়া যাবে বলে তিনি জানান।































