ভোলায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ অক্টোবর ২০১৯, ০৪:৩৯ পিএম


ভোলায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এখনো সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। আইন-শৃঙ্খলার স্বার্থে ভোলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।  

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

ভোলার জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম ছিদ্দিক বলেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আমর্ড পুলিশ। কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

রোববার রাতেই নিহত চারজনের দাফন সম্পন্ন হয়েছে। নিহতরা হলেন বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহফুজুর রহমান পাটওয়ারী (৪৫), বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটওয়ারীর ছেলে মাহবুব পাটওয়ারী (১৪), মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৪০) ও বোরহানউদ্দিনের মো. শাহিন।

সংঘর্ষের ঘটনা তদন্তে গতকাল রবিবার (২০ অক্টোবর) বরিশাল রেঞ্জের ডিআইজিকে প্রধান করে পাঁচ সদস্যের  কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার বিকেলে এক যুবকের ফেসবুক আইডি হ্যাক করে উদ্দেশ্যমূলক ভাবে আপত্তিকর ম্যাসেজ ছড়িয়ে দেয়া হয়। যা পুরোপুরি গুজব। ফেসবুক মেসেঞ্জারে ঐ বক্তব্যের জেরে এলাকাবাসী রোববার বিক্ষোভ সমাবেশ ও পরে মিছিল বের করার চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত হন এবং পুলিশসহ আহত হন আরো শতাধিক।

এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’ ব্যানারে সমাবেশ আহ্বান করা হয়েছে। কিন্তু পুলিশ সেই সমাবেশের অনুমতি দেয়নি বলে জানিয়েছেন ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তাজ উদ্দিন ফারুকী।

এদিকে, ভোলার এসপি ও বোরহানউদ্দিন থানার ওসিকে প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে বেলা ১১টায় আবারো বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইসলামী তাওহীদী জনতা।

Ads