আলীকদমে সেনা অভিযানে ২টি আগ্নেয়াস্ত্রসহ ১ সন্ত্রাসী আটক
৩১ জুলাই ২০১৮, ১১:২০ পিএম
আলীকদম উপজেলার রোয়াম্ভু এলাকার মিরিঞ্জা পাহাড়ের পাদদেশে একটি সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে ৪টি আগ্নে অস্ত্রসহ সামরিক সরঞ্জাম উদ্ধার ও এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত সন্ত্রাসী সুরেশ চাকমা(৪৮) বনপুর গয়ালমারা এলাকা থেকে ইতোপূর্বে সেনা অভিযানে ধৃত ডেঙ্গা (কাজল) বাহিনীর সক্রিয় সদস্য।
৩০ শে জুলাই সোমবার রাতে আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহবুবুর রহমান পিএসসি’র নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর আবদুল কাদের ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আক্তার হোসেন এই অভিযান পরিচালনা করেন। এসময় সেনা টহল দল ১টি থ্রিনট থ্রি রাইফেল, ৫টি বুলেট, ১টি এলজি, দেশীয় বন্দুক কার্তুজ ১টি ও ২টি এসবিবিএল উদ্ধার করেন। গত ২৪ জুলাই জোনের উপ-অধিনায়ক মেজর আবদুল কাদেরের নেতৃত্বে লামা ছাগল খাইয়া থেকে একটি দেশীয় কাটা বন্দুক ও পোষাক উদ্ধার করে সেনা বাহিনী। এ দু’টি অভিযানে নানা ধরণের সামরিক সরঞ্জাম উদ্ধার করায় স্থানীয়রা কিছু স্বস্তির নি:শ্বাস ফেলেছেন।
গত কয়েকদিন ধরে আনসার বাহিনীর সাদৃশ্য পোশাক পরা একদল স্শস্ত্র উপজাতি সন্ত্রাসীরা উপজেলার চেক্ষ্যং ইউপির বিভিন্ন গ্রামে চাঁদা আদায় ও ত্রাস সৃষ্টি করে আসছিল। শ্রাবন মাসে স্থানীয়রা কর্মহীন হয়ে অভাবে খেয়ে না খেয়ে থাকে, তার মধ্যে সন্ত্রাস-চাঁদাবাজদের উৎপাত গ্রামের প্রান্তিক কৃষক ও বিভিন্ন শ্রেণির মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। আলীকদমে চৈক্ষ্যং কলাঝিরি, বাঘেরঝিরি, সোনাইছড়ি, ভরিরমুখ, রোয়াম্ভু, দরদরী ইত্যাদি স্থানে এসব সন্ত্রাসীদের আনাগোনার খবর ছড়িয়ে পড়েছে। অপরদিকে লামা উপজেলার ছোট বমু, মেরাখোলা-বেগুণঝিরি, চিউনিরমুখ, কুলাইক্যাপাড়া, লুলাইন, ক্যায়াজুপাড়া, নাইক্ষ্যংমুখ ইত্যাদি স্থানে ব্যাবসায়ি ও দরিদ্র কৃষকদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে মর্মে সংবাদ পাওয়া যায়।
এসব সন্ত্রাসীদের পাকড়া করতে আলীকদম জোনের সেনাবাহিনী তৎপর বলে জানা গেছে। এই সূত্র ধরে অবশেষে সোমবার রাতে আলীকদম রোয়াম্ভু এলাকা থেকে অস্ত্র ও সন্ত্রাসী আটক করে সেনাবাহিনী। এতে করে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা অফিসার্স ইনচার্জ বলেন, সুরেশ চাকমাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশি¬ষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।

























