লামা হাসপাতালের কর্মকর্তা ডাঃ উইলিয়াম লুসাই এর আকস্মিক মৃত্যু
১৭ জুলাই ২০১৮, ০৮:১৯ পিএম
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উইলিয়াম লুসাই (৫৬) সোমবার (১৬ জুলাই) বিকাল ৫.০৫ মিনিটে হৃদক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেছেন।
লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিউর রহমান মজুমদার জানিয়েছেন, শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে হাসপাতালের সকল ডাক্তার আবাসিক কোয়ার্টারে যান। বিকাল ৫টা ৫মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
খবর পেয়ে দ্রুত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী আককাস, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, লামা থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সহ উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ ছুটে যান। পরক্ষণে মরদেহ এ্যাম্বুলেন্স যোগে বান্দরবান সদরে তার নিজ বাড়িতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি জানান, অসুস্থ হওয়ার খবর শুনে আমরা দ্রুত হাসপাতালে ছুটে যাই। সেখানে উপস্থিত হয়ে দেখি তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।






























