চট্টগ্রামে ঝরছে অবিরাম বৃষ্টি, খেলা নিয়ে শঙ্কা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ অক্টোবর ২০১৬, ০৪:০৪ পিএম


চট্টগ্রামে ঝরছে অবিরাম বৃষ্টি, খেলা নিয়ে শঙ্কা

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট গত ৪৮ ঘণ্টা আলোর মুখ দেখেনি। বৃষ্টির কারণে কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

সেই বৃষ্টি সময়ের সঙ্গে সঙ্গে এতটাই বেড়েছে যে পুরো স্টেডিয়ামের আউটফিল্ড ভিজে আছে। শুধু তাই নয়, মাঠের আনাচে-কানাচে জমে আছে পানি।

এ তো গেল মাঠের চিত্র। চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ বুধবারও ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। পূর্বাভাসের সঙ্গে মিল রেখেই যেন অনবরত বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে।

এই বৃষ্টির কারণে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে কি না, তা নিয়ে বড় রকমের শঙ্কা রয়েছে। যেভাবে অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে, তা চলতে থাকলে খেলা না হওয়ার আশঙ্কাই বেশি।

বৃষ্টি নিয়ে চিন্তিত বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘যেভাবে টানা বৃষ্টি হচ্ছে, তা আমাদের জন্য চিন্তারই। এভাবে বৃষ্টি হলে খেলা মাঠে গড়াবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর খেলা হলেও এই বৃষ্টির প্রভাব থাকবে অনেকখানি। কারণ, উইকেট ভেজা থাকবে। এমন উইকেটে ভালো খেলা মুশকিল।’

তা ছাড়া বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘এখন যে অবস্থা, খেলা যদি হয়ও মানে হচ্ছে, কার্টেল ওভারে হবে। এমন ম্যাচে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে দল জিতবে, তাদেরই ভালো করার সম্ভাবনা বেশি থাকবে।’

তবে টস, খেলা, হারজিত সবকিছুই এখন নির্ভর করছে বৃষ্টির মর্জির ওপর। তাই বাংলাদেশ ও ইংল্যান্ড দলের খেলোয়াড়দের পাশাপাশি গোটা বাংলাদেশের মানুষের দৃষ্টি এখন চট্টগ্রামের আকাশের দিকে। দুপুর নাগাদ আকাশের কী অবস্থা হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

Ads