ফায়ার টিভিতেও চলবে ফায়ারফক্স
২৬ ডিসেম্বর ২০১৭, ০৯:১২ পিএম
স্মার্টফোন-কম্পিউটারের পাশাপাশি অ্যামাজনের ফায়ার টিভিতেও ব্যবহার করা যাবে ফায়ারফক্স। শুধু তা-ই নয়, ব্রাউজারটি কাজে লাগিয়ে ডিজিটাল মিডিয়া প্লেয়ারটি থেকে সরাসরি ইউটিউবসহ বিভিন্ন ভিডিও স্ট্রিমিং সাইটের ভিডিও দেখা যাবে।
এক বিবৃতিতে ফায়ারফক্স টিম জানিয়েছে, ফায়ারফক্সের হালনাগাদ সংস্করণ ইনস্টল করলেই অ্যামাজনের ফায়ার টিভিতে বিভিন্ন ভিডিও স্ট্রিমিং সাইটের ভিডিওগুলো সম্পূর্ণ স্ক্রিনে দেখা যাবে। চাইলে বিভিন্ন সাইটের ঠিকানা আগে থেকেই সংরক্ষণের সুযোগ মিলবে। ফলে ব্রাউজারটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই সাইটগুলোতে প্রবেশ করতে পারবেন। তবে অ্যামাজনের সঙ্গে দ্বন্দ্বের জেরে ১ জানুয়ারি থেকে ফায়ার টিভি ডিভাইসে ইউটিউব অ্যাপ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে গুগল। অ্যামাজনও পাল্টা ব্যবস্থা হিসেবে গুগলের ক্রোমকাস্ট ডিভাইস থেকে নিজেদের প্রাইম ভিডিও সেবা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। শুধু তা-ই নয়, ইউটিউবের আদলে ভিডিও স্ট্রিমিং সেবা চালুরও ঘোষণা দিয়েছে অ্যামাজন।

























