আজ পর্দা নামছে ডিজিটাল ওয়ার্ল্ডের
০৯ ডিসেম্বর ২০১৭, ০৪:৪৫ পিএম
আজ পর্দা নামছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বড় আসর ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই আসর আজ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ইতি টানবে।
সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ এই আয়োজনের অংশীদার এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
চার দিনব্যাপী এ ডিজিটাল ওয়াল্ডের শেষ দিনের আয়োজনে থাকছে ৯টি সেশন। সেশনগুলো হলো- আইটি ক্যারিয়ার ক্যাম্প, দ্য পোসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জ অব ডিজিটাল কারেন্সি ইন বাংলাদেশ, এপিআইসিটিএ ইয়ুথ কার্নিভাল, অগমেন্টেড রিয়েলিটি অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি, ডিজিটাল মার্কেটিং ফর ফিউচার, ডিজিটাল অপরচুনিটি অব ইয়োথ, টুমরোস স্কিল টু গেট রেডি ফোরথ ইন্ডাস্ট্রিয়াল রিভোলেশন, ইনোভেশন ইন গভার্মেন্ট এবং ক্লোজিং সিরিমনি (অ্যাওয়ার্ডস নাইট)।
এর আগে ৬ ডিসেম্বর ‘রেডি ফর টুমরো স্লোগানে’ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে মূল আকর্ষণ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়া। ৬ ডিসেম্বর রোবটটি নিয়ে হাজির হন এর উদ্ভাবক ড. ডেভিড হ্যানসন। রোবটটি একনজর দেখার জন্য সেদিন ডিজিটাল ওয়ার্ল্ড ছিল কানায় কানায় পূর্ণ। এরপরের দিন ৭ ডিসেম্বর প্রদর্শনীতে হাজির হন দুইবার দ্যা একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক নাফিস বিন জাফর।
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং(বাক্য), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), বাংলাদেশ উইমেন ইন আইটি (বিআইডব্লিউটি), সিটিও ফোরাম।
প্রদর্শনী আজ সকাল নয়টায় শুরু হয়েছে। চলবে রাত নয়টা পর্যন্ত। এতে বিনামূল্যে সবার প্রবেশাধিকার রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অথবা ডিজিটাল ওয়ার্ল্ডের অফিসিয়াল ওয়েবসইট www.digitalworld.org.bd- এর মাধ্যমে মেলায় প্রবেশের জন্য অগ্রিম রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে।

























