অ্যাপল নেবে স্যামসাংয়ের ডিসপ্লে
২৩ জুন ২০১৯, ০৪:৫৩ পিএম
উন্নত প্রযুক্তির প্রতিষ্ঠান অ্যাপল তাদের ম্যাকবুক প্রো ও আইপ্যাড প্রোতে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের তৈরি ডিসপ্লে ব্যবহার করবে। প্রতিষ্ঠানটি খুব তাড়াতাড়ি এলইডি ডিসপ্লেযুক্ত নতুন যন্ত্রাংশগুলো বাজারে ছাড়বে।
শুক্রবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্সের মতো ডিভাইসে হাই-এন্ড ডিসপ্লের ব্যবহারকে প্রচারের কৌশল হিসেবে ব্যবহার করেছে অ্যাপল। কিন্তু এ বছর আইফোন বাজারে তার নিজের অবস্থান ধরে রাখতে পারেনি। তাই আইফোন বেশ কিছু সময় কম বিক্রি হচ্ছে। তাই উন্নত এ ডিসপ্লে অন্যান্য ডিভাইসে ব্যবহারের কথা ভাবছে অ্যাপল। এতে আইফোনের বিকল্প হিসেবে অন্যান্য ডিভাইসের বাজার আরও বড় হবে বলে মনে করছে মার্কিন প্রতিষ্ঠানটি।
অ্যাপল পণ্যের বিশ্লেষক মিং সি কুয়ো আইফোনসহ নতুন ডিভাইস বাজারে আনার পূর্বাভাস দিয়েছিলেন।
কুয়ো বলেছেন, ২০২০ সালের মধ্যে ১০ ও ১২ ইঞ্চি মাপের আইপ্যাড এবং ২০২১ মধ্যে ১৫ থেকে ১৭ ইঞ্চি মাপের মিনি এলইডি প্যানেলযুক্ত ম্যাকবুক বাজারে আনতে পারে।
কুয়ো এর আগে বলেছিলেন, চলতি বছরের শেষে নতুন দুই মডেলের আইপ্যাড প্রো উৎপাদন শুরু করবে অ্যাপল।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী বছরের সাশ্রয়ী আইফোন এক্সআরের পরবর্তী সংস্করণে এলইডি ডিসপ্লে ব্যবহার করছে অ্যাপল।

























