সহজেই ট্যাক্সি ডাকার সুবিধার্থে আপডেট আসছে উবারে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ জুলাই ২০১৮, ০৮:২৬ পিএম


সহজেই ট্যাক্সি ডাকার সুবিধার্থে আপডেট আসছে উবারে

রাইডশেয়ারিং সার্ভিস উবার ব্যবহার করতে গিয়ে অনেকেই গাড়িচালকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সমস্যায় পড়েন। আর এ সমস্যা দূর করতে নতুন আপডেট আনছে উবার। নতুন আপডেটের ফলে উবারের গ্রাহকরা সহজেই ট্যাক্সি খুঁজে পাবেন এবং উবারের চালকরাও সহজে গ্রাহককে খুঁজে পাবেন।

ট্যাক্সি স্ট্যান্ডে অপেক্ষমাণ কয়েকটি ট্যাক্সি থেকে ঠিক আপনার ট্যাক্সি কোনটি, এতদিন তা বের করা বেশ কঠিন ছিল। তবে নতুন আপডেটে তা সহজ হয়ে আসবে বলে জানিয়েছে উবার। ধরুন, কোনো একটি কনসার্ট শেষে বিপুলসংখ্যক মানুষ প্রচুর উবার ট্যাক্সি কল করল। সে অবস্থায় উবারের ট্যাক্সি খুঁজতে জটিলতা তৈরি হয়। কারণ কে কোন ট্যাক্সি কল করেছে তা নির্ণয় করা সেখানে অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এমন বাড়তি ঝামেলা এড়াতেই নতুন আপডেট আনছে উবার।

উবারের প্রচলিত নিয়ম হলো কোথাও যেতে চাইলে গ্রাহক গন্তব্য ও অবস্থান নির্দিষ্ট করে দেয়। এরপর উবারের চালককে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ফোন করতে হয় সেই গ্রাহককে। তবে এ যোগাযোগটি অ্যাপের মাধ্যমেও করা সম্ভব। নতুন আপডেটে সেই ব্যবস্থাই করছে উবার।

এছাড়া কোনো স্থানে যাওয়ার পর অপর পক্ষকে জানানোর প্রয়োজন হয় যে আমি এসে পৌঁছেছি। আর সে প্রক্রিয়াটিও অ্যাপের মধ্যে সংযোজন করছে উবার। এতে বাড়তি যোগাযোগের আর প্রয়োজন হবে না।

এছাড়া গ্রাহকদের সুবিধার্থে একসেট টুল আনছে উবার। এর মধ্যে একটি টুল হলো স্পটলাইট। এতে ব্যবহারকারীর মোবাইল ফোনে একটি নির্দিষ্ট রঙের আলো জ্বলবে, যা দেখে গাড়িচালকরা ভিড়ের মধ্যে গ্রাহককে খুঁজে বের করতে পারবে সহজেই।

উবার জানিয়েছে গ্রাহকদের নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারলে সেজন্যও ক্ষতিপূরণ দেবে প্রতিষ্ঠানটি। যদি প্রাথমিকভাবে ধার্য করা সময়ের চেয়ে দেরিতে পৌঁছায় তাহলে সে ক্ষতিপূরণ পরবর্তী রাইডে দিয়ে দেওয়া হবে।

এছাড়া উবারের মালিকদের ব্যবহৃত ফ্লিট অ্যাপেও গুরুত্বপূর্ণ আপডেট আনা হয়েছে এবং ইতোমধ্যেই কার্যকর হয়েছে। নতুন ফিচারগুলো উবার আপডেটে পর্যায়ক্রমে চালু করা হবে। তবে রাইডারদের অ্যাপে ঠিক কবে থেকে এসব সেবা মিলবে তা নির্দিষ্ট করে জানায়নি উবার।

সূত্র : বিজিআর

Ads