এবার চাঁদেও মোবাইল নেটওয়ার্ক!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ মার্চ ২০১৮, ০৮:০৭ পিএম


এবার চাঁদেও মোবাইল নেটওয়ার্ক!

পাহাড়, গভীর জঙ্গল, মাঝ সমুদ্র— যেখানেই যাবেন আমাদের নেটওয়ার্ক আপনাকে ফলো করবে। সেই ‘ফলো’ করা বোঝাতে একটি ছোট্ট পাগের সাহায্য নেয় ভোডাফোন। পাহাড়, জঙ্গল, সমুদ্র পেরিয়ে জনপ্রিয় বিজ্ঞাপনের এই ছোট্ট পাগটিকে এ বার পাড়ি দিতে হবে চাঁদে! ভোডাফোন যে সেখানেও এ বার মোবাইল টাওয়ার বসানোর প্রস্তুতি নিচ্ছে। সংস্থার দাবি, সব কিছু ঠিক থাকলে ২০১৯-এর মধ্যেই চাঁদে বসবে প্রথম মোবাইল টাওয়ার।

তবে এই টাওয়ার বসানোর কাজ ভোডাফোন একা করছে না। এই প্রজেক্টে তাদের সঙ্গে আছে নোকিয়া এবং গাড়ি প্রস্তুতকারক সংস্থা অডি। ভোডাফোনের তরফে জানানো হয়েছে, চাঁদে টাওয়ার বসানোর যাবতীয় প্রযুক্তিগত সাহায্য করছে নোকিয়া।

২০১৯ সালে কেপ কার্নিভাল থেকে স্পেস এক্স-এর ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে পাঠানো হবে ওই টাওয়ার। স্পেস এক্সের উদ্যোগে সেটাই হতে চলেছে বিশ্বের প্রথম বেসরকারি চন্দ্রাভিযান। স্পেস এক্স অবশ্য এর আগে দু’বার সফল ভাবে ফ্যালকন রকেটের উত্‌ক্ষেপণ করেছে।

অভিনব এই প্রজেক্টটি নিয়ে ভোডাফোন জার্মানির চিফ এগজিটিউটিভ হান্স আমেটস্ট্রেটার বলেন, “মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির উন্নতিতে আমাদের এই প্রজেক্ট সাহায্য করবে বলে আমরা আশাবাদী।” তবে কী ভাবে এই টাওয়ার কাজ করবে তা জানানো হয়নি সংস্থার তরফে।

সুত্র: আনন্দবাজার

Ads