‘অনলাইন শিক্ষা সংবাদ’-এ প্রচারিত সংবাদ ভিত্তিহীন অভিযোগে শিক্ষকের প্রতিবাদ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম


‘অনলাইন শিক্ষা সংবাদ’-এ প্রচারিত সংবাদ ভিত্তিহীন অভিযোগে শিক্ষকের প্রতিবাদ

 

‘অনলাইন শিক্ষা সংবাদ’ নামক একটি পোর্টালে প্রকাশিত সংবাদকে অসত্য, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলে সংবাদের কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন। সম্প্রতি portal-টিতে ‌‌‌‌‌‌‌‌‌‌‘‘ইইডি’র ডিডি হচ্ছেন শিক্ষা ভবনে মিছিলের আয়োজক মামুন: আবেদনে এত সুপারিশ! শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর এক প্রতিবাদলিপিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবাদলিপিতে আবদুল্লাহ আল-মামুন উল্লেখ করেন, প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ ভুল, বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছে। প্রকৃতপক্ষে, তিনি ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। ১৯৯৮-৯৯ মেয়াদে তিনি চবি ছাত্রদলের সুজা-শপথ কমিটিতে সাহিত্য বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে মিল্টন-খোরশেদ কমিটিতে কলা অনুষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তৎকালীন ছাত্রদলের ত্যাগী নেতা হিসেবে জিয়াউর রহমান হল ও পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি রাজপথে অগ্রণী ভূমিকা রাখেন।

তিনি আরও জানান, ২০০১ সালে তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের ঠিক এক সপ্তাহ আগে ঢাকায় বেগম খালেদা জিয়ার মহাসমাবেশে যোগ দিতে গিয়ে গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগের সশস্ত্র হামলার শিকার হন। জীবন বাজি রেখে তৎকালীন ও বর্তমান বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে রাজপথে লড়াই চালিয়ে যান তিনি। এই দীর্ঘ রাজনৈতিক ত্যাগের ইতিহাস জানা সত্ত্বেও বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁকে চট্টগ্রাম থেকে নড়াইলে শাস্তিমূলক বদলি করেন। এমনকি গত ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পরদিন ৬ই আগস্ট শিক্ষা ভবনে ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিবাদেও তিনি সম্মুখভাগে যুক্ত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি বিশেষ চক্র ও স্বৈরাচারের দোসরদের চক্রান্তে তাঁর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী তকমা লাগানোর অপচেষ্টা করা হচ্ছে। একজন ত্যাগী সাবেক ছাত্রদল নেতার নামে এমন অসত্য কুৎসা রটানো অত্যন্ত অপমানজনক ও দুঃখজনক।

তিনি ‘অনলাইন শিক্ষা সংবাদ’ কর্তৃপক্ষকে উক্ত সংবাদের সপক্ষে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান। অন্যথায় সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ প্রকাশের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।

Ads