নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকার বদ্ধপরিকর: ধর্ম প্রতিমন্ত্রী

মোঃ আশরাফুল আলম

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম


নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকার বদ্ধপরিকর: ধর্ম প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি শুরু করেছে সরকার। এ লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। সভায় তিনি বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সভায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দ দেওয়া অনুদান পূজা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের সব পূজামণ্ডপে যথাযথভাবে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ধর্ম প্রতিমন্ত্রী।

দেশে পূজামণ্ডপের সংখ্যা আগের তুলনায় বাড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রতিমা বিসর্জনের সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে পূজার পুরো সময়জুড়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আজান ও নামাজের সময় প্রয়োজনীয় নীরবতা বজায় রাখার দীর্ঘদিনের যে চর্চা রয়েছে, তা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি অন্য ধর্মের উপাস্যকে নিয়ে অবমাননাকর বক্তব্য বা মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ঘটনা কিংবা সম্পাদিত তথ্য ব্যবহার করে গুজব ছড়ানোর চেষ্টা হলে দ্রুত তা যাচাই করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে গুজবের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গুজব প্রতিরোধে সচেতন যুবসমাজকে সঠিক তথ্য প্রচারে ভূমিকা রাখারও আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী।

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা অস্বীকার বা আড়াল না করার ওপর গুরুত্ব দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘ডিনায়েল স্টেজে আমরা থাকতে চাই না। ডিনায়েল স্টেজ বলতে কেউ ধরা পড়লেই আমি বলব সে পাগল এবং না বুঝে অঘটন ঘটিয়েছে—এটা মনে হয় ঠিক হবে না।’

তিনি বলেন, এ ধরনের আচরণ সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত করতে পারে। বরং ঘটনার শুরুতে কিছুটা প্রতিক্রিয়া তৈরি হলেও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিত করা হলে মানুষের ক্ষোভ ও কষ্ট কমে আসে।

অপরাধীর পরিচয় গোপন না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা সংস্থাগুলোকে নির্দেশ দেন ধর্ম প্রতিমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক), ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কল্যাণ ট্রাস্ট এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ads