রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

অয়ন আহমেদ

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম


রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান অ্যাটর্নি জেনারেল।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কার্যক্রম এবং সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস।

এ সময় দেশের সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটিকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিত করা, জনগণের অধিকার রক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালনের বিষয়েও মতবিনিময় হয়।

রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে তার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

Ads