প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহদী আমিন
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকের পর দেশে গ্যাস সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, শিল্প-কারখানা সচল রাখা এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখাই ছিল প্রধানমন্ত্রীর উদ্যোগের মূল লক্ষ্য।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের এক মাসের উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, সম্প্রতি দেশের প্রধান ব্যবসা ও শিল্প সংগঠনের শীর্ষ ২১ জন নেতা এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করেন। সেখানে গ্যাস সরবরাহের সংকট দ্রুত কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, ‘অত্যন্ত স্বল্প সময়ে প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবতায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে, গ্যাসের সরবরাহ অনেকটাই বেড়েছে।’ গ্যাস সরবরাহে যে দৃশ্যমান উন্নতি হয়েছে, সামনের দিনগুলোতে সেই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মাহদী আমিন বলেন, গত এক মাসের উদ্যোগগুলো শুধু নির্দিষ্ট সময়ের সাফল্য নয়; বরং একটি সমৃদ্ধ ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ।
তিনি বলেন, প্রচলিত শাসনব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, মূল্যস্ফীতিও ইতিবাচক ধারায় রয়েছে। তাঁর দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে এবং অনেক দেশ ও প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম কম।
সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথা জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
এ ছাড়া কক্সবাজারে ব্লু ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




























