সংবিধান সংস্কার নয়, সংশোধনই একমাত্র পথ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ আশরাফুল আলম

০৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ এএম


সংবিধান সংস্কার নয়, সংশোধনই একমাত্র পথ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

 

সংবিধান সংস্কার নয়, বরং এর প্রয়োজনীয় সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গত রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি সংবিধানের নানা অসঙ্গতি দূর করতে সব দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, "সংবিধান সংস্কারের কোনো প্রয়োজন নেই, বরং সময়ের প্রয়োজনে এটি সংশোধন করা হবে।" তিনি অভিযোগ করেন যে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক ‘লেজিসলেটিভ ফ্রড’ বা আইনি প্রতারণা করা হয়েছে। হাইকোর্ট ইতিমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে উল্লেখ করে তিনি বলেন, "বাকি অংশগুলো এই সার্বভৌম সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে।" বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে অন্তর্ভুক্ত ‘ভুল ইতিহাস’ ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা বিলুপ্ত করার দাবি জানান তিনি।

ইতিহাস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ২৭শে মার্চ কালুরঘাট থেকে প্রোভিশনাল হেড অফ স্টেট হিসেবে ঘোষণা দেন। এটিই প্রকৃত ইতিহাস, যা আমরা সংবিধানে ফিরিয়ে আনতে চাই।"

সংবিধানের মূলনীতিতে ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আমরা সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতিটি পুনর্বহাল করতে চাই। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্তর্ভুক্ত করেছিলেন, যা পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে মুছে ফেলেছে।" তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, জুলাই সনদে এটি থাকার কথা থাকলেও কিছু দলের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার এটি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

রাষ্ট্রের ক্ষমতার উৎস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জনগণই সকল ক্ষমতার মালিক এবং সেই ক্ষমতা প্রয়োগের প্রধান কেন্দ্র হলো এই সংসদ।" সংসদকে আরও গতিশীল ও প্রতিনিধিত্বমূলক করতে ১০০ সদস্য বিশিষ্ট একটি ‘উচ্চকক্ষ’ প্রবর্তনের ম্যান্ডেট পাওয়ার কথা উল্লেখ করেন তিনি, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে।

আলোচনার শেষে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, "আসুন সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যরা মিলে বিশেষ সংসদীয় কমিটিতে বসে আলোচনা করি। সংবিধান কীভাবে সংশোধিত হবে, তা এই সংসদেই নির্ধারিত হবে। বাইরে থেকে আমদানি করা কোনো প্রেসক্রিপশনে সংবিধান চলবে না।"

Ads