মমতাকে পূজার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ অক্টোবর ২০২০, ০৪:৩১ এএম


মমতাকে পূজার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগৃহীত ছবি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছাস্বরূপ উপহারসামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রোববার দুপুর বেলায় স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর এই উপহারসামগ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দ্যেশে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক সন্ধ্যার সময় ভারেতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন এর উপহাইকমিশনার তৌফিক হাসান এই উপহারসামগ্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় ‘নবান্ন’তে নিজে পৌঁছে দিয়েছেন বলে সূত্রটি জানিয়েছে।

 

বেনাপোলের কাস্টমস হাউজের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাস্বরূপ উপহারসামগ্রী দুপুর ১২টার সময় বেনাপোল চেকপোস্ট থেকে ভারতের ওপারে পেট্রাপোল চেকপোস্টে পৌঁছে দেন।

 

দুইটি কার্টনভর্তিতে ছিল ওই উপহারসামগ্রী।

 

স্থলবন্দর বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বরত অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাস্বরূপ উপহারসামগ্রী বেনাপোলে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ প্রটোকল অফিসার আতাউর রহমানের মাধ্যমে। উপহারসামগ্রী গ্রহণের জন্য পূর্বে থেকে পেট্রাপোলে অবস্থান করছিলেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিবের সহকারী আলম হোসেন।

 

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপহাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক্যাল) কলকাতার স্থানীয় সংবাদকর্মীদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো শুভেচ্ছাস্বরূপ উপহারসামগ্রী সন্ধ্যার সময় কলকাতা পৌঁছানোর সাথে সাথে মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছে দেয়া হয়েছে।

Ads