ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশে যাত্রা করা একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ হয়েছে। ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটিতে অন্তত ২৪০ জন যাত্রী ছিলেন। জাভা সাগরে চলাচলের সময় জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জাহাজটির সন্ধানে অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারী সংস্থা। তবে এটি ডুবে গেছে কি না কিংবা অন্য কোনো দুর্ঘটনার কবলে পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নিখোঁজ হওয়ার তথ্য পাওয়ার পর উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগরে। ওই সময় জাহাজটি বানজারমাসিন থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে ছিল।
বানজারমাসিনের রেসকিউ এজেন্সির অপারেশন্স প্রধান আরিয়ান্তো আরদি জাহাজ নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটির সন্ধানে উদ্ধারকারীরা কাজ শুরু করেছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, যাত্রাপথে জাহাজটি উত্তাল সমুদ্রের কবলে পড়েছিল। এরপর থেকেই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জাহাজ কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনকে জানায়।
































