ভারতীয় যুবকদের একাংশ উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ
১৯ ডিসেম্বর ২০১৫, ০৬:৪৪ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় যুবকদের একাংশ উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে রাজনাথ সিং বলেন, ভারতেও আইএসআইএল-এর কর্মকান্ড বেড়ে চলেছে। সবচেয়ে বেশি চিন্তা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে, কারণ যুবকরা অনলাইন ফোরামের মাধ্যমে উগ্রবাদের সঙ্গে যুক্ত হচ্ছে।
রাজনাথ সিং বলেন, এটা সত্য যে আইএসআইএল-এর কার্যকলাপ সারা বিশ্বে দেখা যাচ্ছে এবং ভারতও এ থেকে এড়িয়ে যেতে পারছে না। কিছু যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে কট্টরপন্থার সঙ্গে যুক্ত হচ্ছে।
জম্মু-কাশ্মির প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, সেখানে নিরাপত্তাবাহিনীর তৎপরতার ফলে সন্ত্রাসবাদ কিছুটা কমে এসেছে। যদিও সেখানে কেন্দ্রীয় এবং রাজ্যের এজেন্সির মধ্যে আরো বেশি সমন্বয় রাখা প্রয়োজন।
উল্লেখ্য, কয়েকদিন আগে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর বলেছেন, আইএসআইএল-এর বিরুদ্ধে ভারত যুদ্ধে যেতে তৈরি। আইএসআইএল-এর বিরুদ্ধে জাতিসংঘের কোনো প্রস্তাব আনা হলে ভারত তাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে বলেও জানান মনোহর পার্রিকর।

































